শিরোনাম

South east bank ad

চট্টগ্রামের বাকলিয়ায় বিএসআরএমের স্বাস্থ্য কেন্দ্র চালু

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

চট্টগ্রামের বাকলিয়ায় বিএসআরএমের স্বাস্থ্য কেন্দ্র চালু

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে বিএসআরএম গ্রুপের অলাভজনক উদ্যোগ বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ)। কেন্দ্রটিতে চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয় পরীক্ষা ও ফিজিওথেরাপি সেবা দেয়া হবে। ২১ নভেম্বর থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।


নগরীর বাকলিয়া অ্যাকসেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় ৩ হাজার ৯৮৮ বর্গফুট আয়তনের কেন্দ্রটি গতকাল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, ‘দেশে চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৪ শতাংশ রোগীদের নিজেদের বহন করতে হয়। চিকিৎসা ব্যয়ের চাপে প্রতি বছর প্রায় আট লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। এ পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।’ তিনি অন্য ব্যবসাপ্রতিষ্ঠানকেও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বী বলেন, ‘কভিড-১৯ মহামারীর সময় বিএসআরএম স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করেছে। নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ চিকিৎসার আর্থিক চাপ কমাতে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহুসাইন আকবরআলী একটি বিশেষায়িত কিডনি হাসপাতাল ও ডায়ালাইসিস কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। সেখানে বিনামূল্যে চিকিৎসা ও ডায়ালাইসিস সেবা দেয়া হবে। হাসপাতালটিতে কোনো ক্যাশ কাউন্টার থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, বিএসআরএমের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে। ওই বছরের জুনে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথম চিকিৎসা কেন্দ্র চালু করে প্রতিষ্ঠানটি। পরে ২০২৪ সালের ডিসেম্বরে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় দ্বিতীয় কেন্দ্র স্থাপন করা হয়। বিএসআরএমের তথ্যানুযায়ী, মিরসরাইয়ের কেন্দ্রে বছরে ১৫ হাজারের বেশি এবং বায়েজিদের কেন্দ্রে ৯ হাজার ১০০-এর বেশি রোগী সেবা নেন। বাকলিয়ার নতুন কেন্দ্র চালুর মাধ্যমে এ কার্যক্রমের পরিধি আরো বাড়ল।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: