এনআরবিসি ব্যাংকের ৩৭ এমটিওর ফাউন্ডেশন কোর্স সম্পন্ন
এনআরবিসি ব্যাংক পিএলসির ৩৭ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের (এমটিও) ৪০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এনআরবিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘ব্যাংকিং আইন-কানুন যথাযথভাবে জেনে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি কর্মক্ষেত্রে তা প্রয়োগ করতে হবে।’ এছাড়া সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যাংকিং কার্যক্রম ও সেবার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকারদের এগিয়ে যেতে হবে। সফল ব্যাংকার হতে হলে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফিনটেক ব্যবহারে দক্ষতা অর্জন জরুরি।’


