শিরোনাম

South east bank ad

জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ব্র্যাক ব্যাংকের বিসিপি মহড়া

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ব্র্যাক ব্যাংকের বিসিপি মহড়া

জরুরি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার সক্ষমতা যাচাইয়ে পূর্বঘোষণা ছাড়াই দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ বিজনেস কন্টিনিউটি প্ল্যান (বিসিপি) মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্প্রতি এ মহড়ার আয়োজন করা হয়। এ সময় বিকল্প ডিজাস্টার রিকভারি (ডিআর) সেন্টার থেকে জরুরি ব্যাংকিং সেবা ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সক্ষমতা পরীক্ষা করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

মহড়ার অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্ধারিত ডিআর সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে সংশ্লিষ্ট টিমগুলো সারা দিন স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম ও জরুরি ব্যাংকিং সেবা পরিচালনা করে। কৃত্রিম সংকটময় পরিস্থিতিতেও ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক লেনদেন নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

কোনো আগাম প্রস্তুতি ছাড়াই পরিচালিত এ মহড়ায় জরুরি টিমগুলোর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, নির্ধারিত প্রটোকল অনুসরণ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের সক্ষমতা যাচাই করা হয়। এতে রিস্ক ম্যানেজমেন্ট, টেকনোলজি, জেনারেল সার্ভিসেসসহ বিভিন্ন সাপোর্টিং ডিভিশন এবং গুরুত্বপূর্ণ বিজনেস ইউনিট অংশ নেয়। পাশাপাশি ব্যাংকের জনবল, কার্যপদ্ধতি ও প্রযুক্তিগত অবকাঠামোর প্রস্তুতি মূল্যায়নের মাধ্যমে বিজনেস কন্টিনিউটি কাঠামো আরো শক্তিশালী করার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বিজনেস কন্টিনিউটি কেবল নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালনের বিষয় নয়; এটি ব্যাংকের একটি মৌলিক প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, স্টেকহোল্ডারদের আস্থা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে জরুরি ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দ্বিতীয়বারের মতো এ মহড়া সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে কার্যক্রমের স্থিতিশীলতা বাড়ানো এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রাতিষ্ঠানিক প্রস্তুতি জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: