এলফ বিউটির বিক্রি বেড়েছে ৫১%
যুক্তরাষ্ট্রের প্রসাধনসামগ্রী ও ত্বকের যত্নের পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলফ বিউটির বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির নিট বিক্রি ৫১ শতাংশ বেড়ে ৫২ কোটি ৮ লাখ ডলারে পৌঁছেছে। বিক্রি ও মুনাফায় প্রত্যাশার চেয়ে ভালো ফল পাওয়ায় পুরো অর্থবছরের আয় ও মুনাফার পূর্বাভাসও বাড়িয়েছে এলফ। খবর সিএনবিসি।
এলফ বিউটি বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানায়। টানা ৩১ প্রান্তিক ধরে নিট বিক্রিতে প্রবৃদ্ধি দেখছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি গত প্রান্তিকে আন্তর্জাতিক বাজারেও বিক্রি বেড়েছে এলফের। খুচরা বিক্রির পাশাপাশি অনলাইন কেনাকাটায়ও ভালো সাড়া মিলছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারাং আমিন সিএনবিসিকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের অনলাইন বিপণন প্লাটফর্ম টিকটক শপে সবচেয়ে বেশি খোঁজা ব্র্যান্ড এলফ। প্রসাধনসামগ্রীর ব্র্যান্ডগুলোর মধ্যে প্লাটফর্মটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠান।’
বিশ্লেষকদের মতে, অনলাইন বাজারে জনপ্রিয়তা, আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ ও সাশ্রয়ী দামের কারণে এলফের বিক্রি দ্রুত বাড়ছে।
তুলনামূলক কম দামে মানসম্পন্ন প্রসাধনসামগ্রী বাজারজাত করে জনপ্রিয়তা পেয়েছে ব্র্যান্ডটি। প্রতিষ্ঠানটির পাওয়ার গ্রিপ প্রাইমার, হ্যালো গ্লো লিকুইড ফিল্টার ও গ্লো রিভাইভার লিপ অয়েলের মতো পণ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিত।
দ্বিতীয় প্রান্তিকের আশানুরূপ ফলের পর পুরো অর্থবছরে নিট বিক্রির পূর্বাভাস বাড়িয়ে ২০০ থেকে ২০৩ কোটি ডলার করেছে এলফ। আগে এ পূর্বাভাস ছিল ১৯৪-১৯৭ কোটি ডলার।


