রমজানের ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণ সুবিধা
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে মূল্য পরিশোধের (ইউসেন্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানিমূল্য পরিশোধ করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এতে রমজানের আগেই প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির সুযোগ বাড়বে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে গতকাল এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘প্রতি বছর রমজানে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানির সুযোগ দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা চায় না কেন্দ্রীয় ব্যাংক। চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে পণ্যের দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেয়া হয়েছে।’ ব্যবসায়ীরা পর্যাপ্ত পণ্য আমদানি করতে পারলে বাজারে ঘাটতি ও মূল্যবৃদ্ধির চাপ কমানো সম্ভব হবে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মকর্তা।
সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেয়া হয়েছে। এর ফলে আমদানিকারকদের পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ করতে হবে না। আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ থাকবে।
এর আগে গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হলো। আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।
আমদানিতে ঋণসুবিধা বাড়ানোর ফলে ব্যবসায়ীদের আগাম পণ্য আমদানির আর্থিক চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভোক্তাপর্যায়ে এর প্রভাব নির্ভর করবে আমদানির পরিমাণ, সময়মতো পণ্য খালাস, পরিবহন ও সরবরাহ ব্যবস্থা এবং বাজারে প্রতিযোগিতার ওপর।


