শিরোনাম

South east bank ad

জিডিপির হিসাবে ২০২৫-২৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর নির্ধারণ

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

জিডিপির হিসাবে ২০২৫-২৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর নির্ধারণ

দেশের অর্থনীতির আকার, প্রবৃদ্ধি ও বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচকের হিসাব নতুন করে নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবের ভিত্তিবছর পরিবর্তন করে ২০২৫-২৬ অর্থবছর নির্ধারণ করা হয়েছে। নতুন ভিত্তিবছরের আলোকে জাতীয় হিসাব পদ্ধতি পুনর্বিন্যাসের পাশাপাশি প্রয়োজনীয় সব জরিপ শুরুর নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস)। একই সঙ্গে ভবিষ্যতে প্রতি পাঁচ বছর পরপর ভিত্তিবছর পরিবর্তনের নির্দেশনাও দেয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি ভবনে গতকাল জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের (এনএসিএস) প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং এনএসিএসের সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

জানা গেছে, জিডিপি প্রাক্কলন ও জাতীয় হিসাবের জন্য নির্ভরযোগ্য উপাত্ত নিশ্চিত করতে ভিত্তিবছর পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে স্বচ্ছতা বাড়াতে রিভিউ কমিটি গঠন, মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব স্থাপন এবং সব শুমারি ও জরিপের তথ্য একই প্লাটফর্মে সংরক্ষণসহ ১০টি বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিসংখ্যান আইন ২০১৩ সংশোধন, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্ট্যাটিস্টিকসের কৌশলপত্রের চূড়ান্ত খসড়া প্রণয়ন, জনমিতি ও সামাজিক পরিসংখ্যান, অর্থনৈতিক ও শিল্প পরিসংখ্যান এবং কৃষি, জলবায়ু ও পরিবেশ পরিসংখ্যান নিয়েও কথা হয়েছে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের পরিচালক রফিকুল ইসলাম। এতে বলা হয়, বাংলাদেশে প্রথম জিডিপি প্রাক্কলন করা হয় ১৯৭১-৭৩ অর্থবছরে। এরপর ১৯৮৪-৮৫, ১৯৯৫-৯৬, ২০০৫-০৬ এবং সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে ভিত্তিবছর পরিবর্তন করা হয়। এবার সিস্টেম অব ন্যাশনাল অ্যাকাউন্টসের (এসএনএ) আলোকে ২০২৫-২৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর হিসেবে নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন ভিত্তিবছরের হিসাব প্রণয়নে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও পণ্যের আপেক্ষিক মূল্যের পরিবর্তন প্রতিফলিত করা হবে। পাশাপাশি নতুন উদ্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড ও পণ্য হিসাবের আওতায় আনা এবং অপ্রচলিত কর্মকাণ্ড বাদ দেয়ার মাধ্যমে জাতীয় হিসাবের মানোন্নয়নের পরিকল্পনা রয়েছে। এসএনএ ২০২৫ অনুযায়ী নতুন ধারণা, সংজ্ঞা, শ্রেণী বিন্যাস ও পদ্ধতি প্রয়োগের পাশাপাশি হিসাবের ভুলত্রুটি সংশোধন করা হবে। এতে অর্থনীতির প্রকৃত আকার, কাঠামো, জিডিপি প্রবৃদ্ধি ও অন্যান্য সামষ্টিক সূচক আরো বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে।

বিশ্বের অনেক দেশে পাঁচ বছর পরপর জিডিপির ভিত্তিবছর পরিবর্তন করা হলেও বাংলাদেশে এতদিন প্রায় ১০ বছর পরপর এ কাজ করা হয়েছে। আগামীতে পাঁচ বছর পরপর ভিত্তিবছর পরিবর্তনের জন্য বিবিএসকে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এনএসিএস সদস্য ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, ‘ভিত্তিবছর পরিবর্তনের ফলে দেশের অর্থনীতির আকারে পরিবর্তন আসতে পারে। নতুন হিসাবে ২০২২ সালের হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভেসহ এর মধ্যে পরিচালিত বিভিন্ন জরিপের তথ্য যুক্ত হবে।’ উৎপাদন ব্যবস্থায় বিগত এক দশকে যেসব পরিবর্তন এসেছে, সেগুলোও হিসাবের আওতায় আনা হবে বলে জানান তিনি।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: