প্রথম প্রান্তিকে স্কয়ার ফার্মার ৭৭৮ কোটি টাকা নিট মুনাফা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৭৭ কোটি ৫৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৭৪০ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ২ হাজার ২৪৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ১৫৯ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৭৬০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭০২ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৩৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৩৫ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ টাকা ৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৯৯ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২৭ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৪১ পয়সা।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর ৪৪ দশমিক ১৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৯২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৮৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে।


