১০ কোম্পানির পরিচালক ও কর্মকর্তাদের ২৯ কোটি টাকা জরিমানা
বিনিয়োগকারীদের ঘোষিত লভ্যাংশ সময়মতো পরিশোধ না করায় ১০টি তালিকাভুক্ত কোম্পানির ৫০ পরিচালক ও কর্মকর্তাকে মোট ২৯ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৪ নভেম্বর বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব স্বাক্ষরিত আদেশে এ জরিমানা করা হয়। আদেশের সত্যায়িত কপি ৮ নভেম্বর সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।
সবচেয়ে বেশি জরিমানা হয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের। প্রতিষ্ঠানটির ছয় পরিচালকের প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ করে মোট ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অ্যাসোসিয়েটেড অক্সিজেনের চার পরিচালকের প্রত্যেকে ১ কোটি ৯১ লাখ করে মোট ৭ কোটি ৬৪ লাখ ও বিডি পেইন্টসের তিন পরিচালকের প্রত্যেকে ৯৭ লাখ করে মোট ২ কোটি ৯১ লাখ টাকা জরিমানার মুখে পড়েছেন। ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের চার পরিচালকের প্রত্যেককে ৪৭ লাখ করে মোট ১ কোটি ৮৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাকি কোম্পানিগুলোর মধ্যে কৃষিবিদ সিডের সাত পরিচালকের প্রত্যেককে ১০ লাখ করে মোট ৭০ লাখ টাকা, সাফকো স্পিনিং মিলসের তিন পরিচালকের প্রত্যেককে ২০ লাখ করে মোট ৬০ লাখ, প্যাসিফিক ডেনিমসের চার পরিচালকের প্রত্যেককে ১৩ লাখ করে মোট ৫২ লাখ ও মামুন এগ্রো প্রডাক্টসের চার পরিচালকের প্রত্যেককে ১৩ লাখ করে মোট ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অ্যাডভেন্ট ফার্মার সাত পরিচালকের প্রত্যেকে ৪ লাখ করে মোট ২৮ লাখ ও জেনেক্স ইনফোসিসের আট পরিচালক ও কর্মকর্তার প্রত্যেকে ১ লাখ করে মোট ৮ লাখ টাকা জরিমানা গুনবেন। জেনেক্সের জরিমানার শিকারদের একটি প্রতিষ্ঠান ‘ওরাকল সার্ভিসেস পিএলসি’, যা কোম্পানিটির পরিচালক।
বিএসইসির আদেশে বলা হয়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশ নয়টি কোম্পানি নির্ধারিত সময়ে পরিশোধ করেনি। কমিশনের নির্দেশনা অনুযায়ী লভ্যাংশ ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ আলাদা ব্যাংক হিসাবে রাখতে হয় এবং বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হয়। কমিশন এটিকে সিকিউরিটিজ আইনের স্পষ্ট লঙ্ঘন ও বাজার কারসাজির শামিল বলেছে। আদেশে আরো বলা হয়, এ কারণে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা যেতে পারে। কমিশনের মতে, ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর প্রবিধান ৪৭, ২০২১ সালের ১৪ জানুয়ারির নির্দেশনা এবং ডিএসই লিস্টিং প্রবিধানমালা, ২০১৫-এর প্রবিধান ২৮(১) লঙ্ঘিত হয়েছে। কয়েকটি কোম্পানির ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ১৮ বা ১১(২) লঙ্ঘনের কথাও বলা হয়েছে। অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিডি পেইন্টস ও মামুন এগ্রোকে ২০২৩ সালের ১৮ জুন ধারা ১১(২) অনুযায়ী ব্যাখ্যা দিতে বলা হলেও তারা সাড়া দেয়নি। সাফকো স্পিনিং, ওরিজা এগ্রো ও লুব-রেফ লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয়নি। অ্যাডভেন্ট ফার্মা ও কৃষিবিদ সিড রিপোর্ট দিলেও নির্দেশনা পুরোপুরি মানেনি।
কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ ২০২৪ সালের ২৪ এপ্রিল নয় কোম্পানিকে কারণ দর্শানোর নোটিস দেয়। এরপর ওই বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে শুনানি হয়। কোম্পানিগুলো ডলার সংকট, তারল্য সংকট, এলসি জটিলতা, কাঁচামালের মূল্যবৃদ্ধি, ব্যাংক খাতের সীমাবদ্ধতাসহ নানা কারণ দেখায়। কমিশন এসব ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি। কমিশনের ভাষ্য, নির্দেশনা যথাযথভাবে না মানায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে, যা পুঁজিবাজার উন্নয়নেরও পরিপন্থী। ২০২৪ সালের ৭ নভেম্বর কমিশনের ৯৩০তম সভায় সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ দিতে হবে, নইলে স্বতন্ত্র পরিচালক ছাড়া অন্য পরিচালকদের জরিমানা করা হবে। অ্যাডভেন্ট ফার্মার ক্ষেত্রে একই সিদ্ধান্ত হয় ৩১ অক্টোবর ২০২৪-এর ৯২৯তম সভায়, সময়


