৫ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
২৯ সেপ্টেম্বর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটির ১০৩১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৯ সেপ্টেম্বর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটির ১০৩১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়ার বন্ড প্রস্তাব অনুমোদন করা হয়।
ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড-৬ অনুমোদন করা হয়েছে। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হতে যাওয়া এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। এর মাধ্যমে ব্যাংকটির টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড ৬-এর ইস্যুও অনুমোদন পেয়েছে। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে কুপন রেট নির্ধারণ করা হবে এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
ব্র্যাক ব্যাংক পিএলসির ১ হাজার কোটি টাকা মূল্যের তিন বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল জিরো-কুপন গ্রিন বন্ডের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়ন সুবিধা দিতে ব্যবহার করা হবে। ট্রাস্টি হিসেবে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাবও অনুমোদন করেছে কমিশন। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে কুপন রেট নির্ধারণ করা হবে এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়া ব্যাংক এশিয়া পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে কুপন রেট নির্ধারণ করা হবে এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ড থেকে পাওয়া অর্থ যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে। এর ট্রাস্টি হবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি


