শিরোনাম

South east bank ad

এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ

বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি প্রকল্পের আওতায় ৩৫ লাখ ডলারের তহবিল ব্যবহারের পরিকল্পনা নেয়া হয়েছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল ডব্লিউটিওর ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রণীত খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্তকরণ-বিষয়ক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ।

অন্যদিকে গতকাল বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ব্যবসা সহজীকরণ, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর ও রফতানি বহুমুখীকরণে সংস্থাটির নীতিগত ও কারিগরি সহায়তা চান বাণিজ্যমন্ত্রী। একই দিনে ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।

সিপিডি চূড়ান্তকরণ-বিষয়ক সভায় জানানো হয়, তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় সাড়ে ৩ মিলিয়ন ডলার বা প্রায় ৩৫ লাখ ডলারের তহবিল ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ২৫ লাখ ডলার সাতটি অগ্রাধিকার খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি তাৎক্ষণিক পর্যবেক্ষণ ও পূর্বাভাস দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মার্কেট ইন্টেলিজেন্স ব্যবস্থা গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির কার্যক্রম শক্তিশালী করা, পরিবেশ-সামাজিক-সুশাসন (ইএসজি) পরিপালন কাঠামো তৈরি, কার্বন বাজারনীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ।

সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে দেশের বাণিজ্য ও রফতানি খাতকে সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে হবে।’

এর আগে সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। সেখানে ব্যবসার পরিবেশ উন্নয়ন, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং তৈরি পোশাকনির্ভর রফতানি কাঠামো থেকে বেরিয়ে নতুন শিল্প খাতের বিকাশে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চান তিনি।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে বর্তমানে ৫০-৫৫ দিন বা তারও বেশি সময় লাগে। এসব সেবা ডিজিটাল করে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো তথা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

রফতানি বহুমুখীকরণে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে গুরুত্ব দেয়ার কথা বলেন মন্ত্রী।

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়ার তথ্যও বৈঠকে তুলে ধরা হয়।

বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, ‘এলডিসি উত্তরণের আগে আগামী তিন-চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশী বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।’ এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, ‘প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রফতানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রফতানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর সুযোগ রয়েছে।’

এদিকে নতুন বাজার অনুসন্ধান ও বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবে ফিজির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে দেশটির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে বৈঠকে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে হাইকমিশনার জানান, পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা পূরণে ফিজিতে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। ফলে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশী উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে।

ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান হাইকমিশনার। তিনি বলেন, ‘বিদেশী বিনিয়োগকারীদের জন্য কর অবকাশ সুবিধা দেয়া হচ্ছে।’

ফিজিতে দক্ষ ও আধাদক্ষ কর্মীর ঘাটতি থাকায় বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: