ঝুঁকি চিহ্নিতকরণ, মূল্যায়ন ও প্রশমনের ওপর গুরুত্বারোপ সিটিজেনস ব্যাংকের
ব্যাংক খাতের বিভিন্ন ঝুঁকি চিহ্নিতকরণ, মূল্যায়ন ও প্রশমন এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬’-এর আয়োজন করা হয়। সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। এ সময় তিনি ব্যাংক খাতের বিভিন্ন ঝুঁকির দিক তুলে ধরার পাশাপাশি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন এবং বিচক্ষণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন।
সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তিনি কনসেনট্রেশন রিস্ক যথাযথভাবে ব্যবস্থাপনা, সম্পদের গুণগত মান বজায় রাখা এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ, মূল্যায়ন ও প্রশমনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা সুরক্ষা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতেও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা জরুরি বলেও উল্লেখ করেন ব্যাংকটি শীর্ষ এ নির্বাহী।
সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ ও মোহাম্মদ আবদুর রব এবং অতিরিক্ত পরিচালক সিদ্ধার্থ শংকর রায়। তারা ব্যাংক খাতের বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা ও একাধিক সেশন পরিচালনা করেন। এ সময় সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন।


