শিরোনাম

South east bank ad

এক কোটি লিটার পাম অয়েল ও ৩০ হাজার টন সার কিনবে সরকার

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

এক কোটি লিটার পাম অয়েল ও ৩০ হাজার টন সার কিনবে সরকার

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত পাম অয়েল কিনবে সরকার।

পাশাপাশি ৩০ হাজার টন ইউরিয়া সার কেনারও অনুমোদন দেয়া হয়েছে। গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া গতকালের বৈঠকে আরো বেশকিছু ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

গতকালের বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি লিটার পাম অয়েল কেনার প্রস্তাব উপস্থাপন করা হলে সেটি অনুমোদন দেয় কমিটি। প্রতি লিটার ১৬৩ টাকা ৪৮ পয়সা হিসেবে এক কোটি লিটার পাম অয়েল কিনতে ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এ তেল কেনা হবে।

শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব দেয়া হলে তাতে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৭৫ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৩৭৫ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪৭৬ দশমিক ৩৭৫ ডলার।

এছাড়া গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গায় ১০ হাজার টন ধারণ ক্ষমতার একটি সার গুদাম নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ৮৫৯ টাকা। স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিনগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফের কাছ থেকে অগ্রিম কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬০৪ কোটি ৫ লাখ ৫ হাজার ৮৯৫ টাকা। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজের আওতায় এসপিসি পোল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২৯ কোটি ৯০ লাখ ৭ হাজার ৯৩৫ টাকা।

BBS cable ad