২ লাখ ৭ হাজার টন ভুট্টা কিনবে দক্ষিণ কোরিয়ার নোফি
২০২৭ সালের শুরুতে তিন ধাপে এসব ভুট্টা দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর কথা। প্রতিটি চালানে ৪৫-৬৯ হাজার টন ভুট্টা থাকবে।
দক্ষিণ কোরিয়ার অন্যতম পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নংহিয়াপ ফিড ইনকরপোরেটেড (নোফি) ২ লাখ ৭ হাজার টন ভুট্টা কিনবে। এজন্য আন্তর্জাতিক দরপত্রের আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। ইউরোপীয় কয়েকজন ব্যবসায়ীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।
AKIJ Advertisement
নোফির সহযোগী প্রতিষ্ঠান এনএইচ ফিড এ দরপত্র আহ্বান করেছে। গত বুধবার ছিল দরপ্রস্তাব জমা দেয়ার শেষ দিন।
২০২৭ সালের শুরুতে তিন ধাপে এসব ভুট্টা দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর কথা। প্রতিটি চালানে ৪৫-৬৯ হাজার টন ভুট্টা থাকবে। প্রথম চালান আগামী ১৫ জানুয়ারির মধ্যে পৌঁছতে হবে। দ্বিতীয় চালান পৌঁছতে হবে ২৫ জানুয়ারির মধ্যে আর তৃতীয় চালান পৌঁছানোর সময়সীমা ৫ ফেব্রুয়ারি।
ভুট্টা সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম উপকূল ও গালফ অঞ্চল, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকাকে সম্ভাব্য উৎস হিসেবে রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়া পশুখাদ্যের চাহিদা মেটাতে আমদানিনির্ভর। নোফির এ দরপত্রে আগামী বছরের শুরুতে দেশটির খাদ্য শিল্পে ভুট্টার চাহিদার চিত্রও ফুটে উঠেছে।


