শিরোনাম

South east bank ad

১১ বছর পর বিশ্বব্যাপী চাল উৎপাদন কমার পূর্বাভাস

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

১১ বছর পর বিশ্বব্যাপী চাল উৎপাদন কমার পূর্বাভাস

বিশ্বব্যাপী ২০২৬-২৭ বিপণন বছরে চাল উৎপাদন কমতে পারে। ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো উৎপাদন পতনের এ পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক শস্য কাউন্সিল (আইজিসি)। সংস্থাটির মতে, প্রধান চাল রফতানিকারক দেশগুলোর উৎপাদন কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এ সময়ে বিশ্বজুড়ে বাড়বে চালের চাহিদা। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
 
আইজিসির প্রকাশিত সর্বশেষ শস্যবাজার প্রতিবেদনে বলা হয়েছে, সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ায় জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য চাহিদা বাড়বে। এতে চালের ব্যবহারও বাড়বে। ফলে বিশ্বে চালের মজুদ কমে আসতে পারে। তবে মজুদের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোর গড়ের চেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী বছর আন্তর্জাতিক বাজারে চালের বাণিজ্যের পরিমাণ রেকর্ড ৬ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। আগের বছরের তুলনায় এ পরিমাণ ৪ শতাংশ বেশি। আফ্রিকার দেশগুলোর আমদানি চাহিদা বাড়ায় মূলত চালের আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এদিকে ২০২৬-২৭ বিপণন বছরে গম ও মোটা দানাদার শস্যের মোট উৎপাদনের পূর্বাভাসও সংশোধন করেছে আইজিসি। অক্টোবরের পূর্বাভাসের তুলনায় উৎপাদনের হিসাব ১০ লাখ টন বাড়িয়ে ২৪৮ কোটি টন করা হয়েছে। গম ও যব উৎপাদন বাড়ার পূর্বাভাসের কারণে ভুট্টার উৎপাদন কমার হিসাব প্রায় সমন্বয় হয়ে গেছে। তবে উৎপাদন বাড়লেও তা আগের বিপণন বছরের রেকর্ড পরিমাণ উৎপাদনের চেয়ে ৩ শতাংশ কম হবে। বিশ্বে এসব শস্যের চাহিদাও আগের বছরের কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে। খাদ্য ও শিল্প খাতে চাহিদা বাড়লেও পশুখাদ্যসহ অন্যান্য খাতে কমতে পারে।

প্রতিবেদনে সয়াবিন উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রেও নতুন রেকর্ডের পূর্বাভাস দেয়া হয়েছে। চলতি বিপণন বছরে বিশ্বে সয়াবিন উৎপাদন বেড়ে ৪৩ কোটি ৯০ লাখ টনে পৌঁছতে পারে। যুক্তরাষ্ট্রে রেকর্ড ফলনের প্রত্যাশা এ প্রবৃদ্ধির প্রধান কারণ।

একই সময়ে সয়াবিনের ব্যবহার বেড়ে ৪৪ কোটি ৫০ লাখ টন হতে পারে। সয়াবিনজাত পণ্যের চাহিদা বাড়ায় প্রক্রিয়াকরণের পরিমাণও বাড়বে। ফলে বিশ্বে সয়াবিনের মজুদ আরো কমতে পারে। এছাড়া আগামী বছর সয়াবিনের আন্তর্জাতিক বাণিজ্য ১৯ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। এক্ষেত্রে এশিয়ার বাড়তি চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে আইজিসির শস্য ও তৈলবীজ মূল্যসূচক (জিওআই) ৪ শতাংশ কমে তিন মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। গম ও ভুট্টার দাম কমায় এ পতন হয়েছে। তবে চালের গড় দাম বাড়ায় সূচকের পতন কিছুটা সীমিত ছিল। গমের উপসূচক কমেছে ৭ শতাংশ। দক্ষিণ গোলার্ধের দেশগুলোয় রেকর্ড ফলনের প্রত্যাশা, কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাত কমাতে কূটনৈতিক তৎপরতা এবং মুদ্রাবাজারের ওঠানামাকে গমের দাম কমার কারণ হিসেবে উল্লেখ করেছে আইজিসি।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: