শিরোনাম

South east bank ad

বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের পুঁজিবাজা‌রে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এ সময় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ১ শতাংশ বেড়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচক আগের সপ্তাহের চেয়ে বেড়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে ছিল ৫ হাজার ৪৪৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৫৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৫৭ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৫১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত ছিল ৪০টির। আর লেনদেন হয়নি ৬০টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক এবং মালেক স্পিনিং মিলের শেয়ার।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৪ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল জ্বালানি খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ৯ শতাংশ। ব্যাংক খাত ১০ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ২ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। সবচেয়ে বেশি ৭ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে বস্ত্র খাতে। এছাড়া পাট খাতে ৫ দশমিক ৯ শতাংশ, ভ্রমণ খাতে ৪ দশমিক ৮ শতাংশ, সেবা খা‌তে ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে ৩ দশমিক ৪ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে দশমিক ১ দশমিক ৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ১ দশমিক ১ শতাংশ।

সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৫৬২ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯ হাজার ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৯৫৫ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ৬৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত ছিল ২৪টির শেয়ারদর।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: