সাতক্ষীরা ও হিলিতে বেড়েছে জিরার দাম
সাতক্ষীরা ও দিনাজপুরের হিলির মসলা বাজারে জিরার দাম বেড়েছে। আমদানি হ্রাস, ডলারের মূল্যবৃদ্ধি, ভারতের বাজারে দরবৃদ্ধি এবং বাড়তি করের কারণে জিরার দাম ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারকরা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টম হাউজের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ২১৫ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ৯ কোটি ৪৬ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ৩১ কোটি ৪৪ লাখ টাকার ৭২২ টন জিরা আমদানি হয়েছিল। সে হিসাবে চার মাসে আমদানি কমেছে ৫০৭ টন।
বন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ডলারের বিনিময় হার ও ভারতে জিরার দাম বাড়ায় তার প্রতিষ্ঠানে আমদানি কমেছে দ্বিগুণের বেশি।
আমদানি কমার প্রভাব পড়েছে জেলার স্থানীয় বাজারগুলোয়। এক মাসের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ২০০ টাকা। সুলতানপুর বড় বাজারের মেসার্স ফতেমা স্টোরে এক মাস আগে ভারতীয় জিরা কেজিপ্রতি ৪৮০ টাকায় বিক্রি হলেও গতকাল তা ৬৮০ টাকায় বিক্রি হয়েছে। পাইকারিতেও কেজিপ্রতি দাম ৪৬০ থেকে বেড়ে ৬৬০ টাকায় উঠেছে। তবে তুরস্ক থেকে আমদানীকৃত জিরা কেজিপ্রতি ৭৪০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন দোকানটির পরিচালক।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহও আমদানি খরচ ও ডলারের দরবৃদ্ধির কারণে দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে দিনাজপুরের বন্দরনগরী হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি জিরার দাম বেড়েছে ১২০ টাকা। ফলে আগে ৪৫০-৫০০ টাকায় বিক্রি হওয়া জিরা এখন ৬২০-৬৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সরজমিনে গতকাল হিলি বাজারে দেখা গেছে, বাজারের প্রতিটি মসলার দোকানেই জিরার সরবরাহ ভালো থাকলেও সরবরাহ ঘাটতির কারণে দাম ঊর্ধ্বমুখী।
মসলা বিক্রেতা আব্দুল আউয়াল জানান, নভেম্বরের শুরুতে জিরা ৪৬০-৫০০ টাকায় বিক্রি হলেও ১০-১৫ দিনে দাম বেড়ে গেছে। ডলারের বিনিময় হার ১২৮-১২৯ টাকা হওয়া, ভারতে দাম ও কর বৃদ্ধি এবং অফ সিজনের কারণে দাম বাড়ায় বেচাকেনায় কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে।
দিনাজপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চলছে এবং ক্রয়-বিক্রয়ের পাকা রসিদ যাচাই করা হচ্ছে। কেউ বাড়তি দাম নিলে জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।


