পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে
বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের জন্য সম্ভাবনাময় বাজার হয়ে উঠছে তুরস্ক। দেশটির বস্ত্র, কার্পেট, আসবাব ও গৃহসজ্জা শিল্পে বাংলাদেশি পাটের সুতা এবং বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে।
তৈরি পোশাকের পর তুরস্কে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠেছে পাট ও পাটজাত সামগ্রী। সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের ১২৯ ধরনের পাটপণ্যের প্রদর্শনী এই সম্ভাবনাকে আরো জোরালো করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা ও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা গেলে তুরস্কের বাজারে পাটপণ্যের রপ্তানি কয়েকগুণ বাড়ানো সম্ভব।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ থেকে তুরস্কে ৭১ দশমিক ৪২ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।
একই সময়ে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি হয়েছে ২৯২ দশমিক ১৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৫৯ দশমিক ৯২ মিলিয়ন ডলার। অর্থাৎ চার মাসে তুরস্কে বাংলাদেশের মোট রপ্তানি বেড়েছে ৮২ দশমিক ৬৯ শতাংশ। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে তুরস্কে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১৬১ দশমিক ৬ মিলিয়ন ডলার।
আগের অর্থবছরে এ আয় ছিল ১৪৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশনস (ডব্লিউআইটিএস) ও জাতিসংঘের কমট্রেডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তুরস্ক ১১ কোটি ৭৩৪ লাখ ডলারের পাটের একক সুতা আমদানি করে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করা হয় প্রায় ১১ কোটি ৭২ লাখ ডলারের পণ্য। একই বছর পাটের বস্তা ও ব্যাগ আমদানিতেও শীর্ষ সরবরাহকারীদের মধ্যে ছিল বাংলাদেশ।


