চড়া দামে এলএনজি ক্রয়ে চাপ বাড়ছে রিজার্ভে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি আমদানিতে। চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে গিয়ে একদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, অন্যদিকে বাড়ছে সরকারের ভর্তুকির বোঝা।
এতে ডলারের চাহিদা বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও তৈরি হয়েছে বাড়তি চাপ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা। একই সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা। পুরো অর্থবছরের জন্য ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে মাত্র ছয় হাজার ৫০০ কোটি টাকা।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৩৪টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ৯টি, আগস্টে ছয়টি, সেপ্টেম্বরে ৯টি এবং অক্টোবরে ১০টি কার্গো এসেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ায় আমদানির ব্যয় কয়েক গুণ বেড়েছে। বছরের শুরুতে প্রতি মিলিয়ন এমএমবিটিইউ এলএনজির দাম ১০ থেকে ১২ ডলারের মধ্যে থাকলেও তা বেড়ে প্রায় ৩০ ডলারে পৌঁছেছে।
দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে সরবরাহ বন্ধ থাকায় স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে বাংলাদেশকে। তবে চড়া দাম দিয়েও প্রয়োজনীয় কার্গো সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে পেট্রোবাংলাকে। গত আগস্টে কয়েকটি কার্গো কেনার জন্য তিন দফায় দরপত্র আহ্বান করা হলেও শেষ পর্যন্ত তিনটির মধ্যে দুটি সংগ্রহ করা সম্ভব হয়। সেপ্টেম্বরে ভিটল এশিয়া ও টোটাল এনার্জিসের কাছ থেকে যথাক্রমে ২৯ দশমিক ৭৯৫ ও ২৮ দশমিক ৯৫ ডলারে কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়।
এ পরিস্থিতিতে এলএনজি আমদানিতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ব্যবহারের পরিধি বাড়ানোর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে।


