পর্ষদ পুনর্গঠনে বিএসইসির অনাপত্তি
কোম্পানি দুটির পর্ষদে সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন করে পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি পিএলসি (বেক্সিমকো) ও শাইনপুকুর সিরামিকস পিএলসির প্রস্তাবিত পরিচালনা পর্ষদ পুনর্গঠনে অনাপত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটির পর্ষদে সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন করে পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ৬ অক্টোবর কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ১০৩২তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর পত্রের মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবগত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিবেচনায় বেক্সিমকোর আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানিটির প্রস্তাবিত সাত সদস্যের পরিচালনা পর্ষদ পুনর্গঠনে অনাপত্তি দেয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
বেক্সিমকোর প্রস্তাবিত পর্ষদে এএসএফ রহমান চেয়ারম্যান ও স্পন্সর হিসেবে থাকবেন। ওকে চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া পর্ষদে ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ পরিচালক হিসেবে থাকবেন। ব্যবস্থাপনা পরিচালক ও তিন পরিচালক স্পন্সর গ্রুপ দ্বারা মনোনীত। পর্ষদে শাহ মনজুরুল হক স্বাধীন পরিচালক হিসেবে থাকবেন এবং করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী আরো একজন স্বাধীন পরিচালক নিয়োগ করতে হবে। অন্যদিকে বেক্সিমকো কর্তৃক মামলা প্রত্যাহারের শর্তে কমিশন কর্তৃক এর আগে জারি করা দুটি অর্ডার প্রত্যাহার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া সভায় কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর পত্রের মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবগত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় শাইনপুকুর সিরামিকস পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানিটির প্রস্তাবিত সাত সদস্যের পরিচালনা পর্ষদ পুনর্গঠনেও অনাপত্তি দেয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
শাইনপুকুর সিরামিকসের প্রস্তাবিত পর্ষদে রয়েছেন এএসএফ রহমান, ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। পর্ষদে এএসএফ রহমান কোম্পানিটির চেয়ারম্যান ও স্পন্সর হিসেবে থাকবেন। ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী আরো দুজন স্বাধীন পরিচালক নিয়োগ করতে হবে। শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রেও কোম্পানি কর্তৃক মামলা প্রত্যাহারের শর্তে কমিশন কর্তৃক এর আগে জারি করা দুটি অর্ডার প্রত্যাহার করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।


