এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণবিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাধারণ ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে আরো দক্ষ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে রাজশাহীতে আউটরিচ প্রশিক্ষণের আয়োজন করেছে এনআরবিসি ব্যাংকের হিউম্যান রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরটিডিসি)।
তিনদিনের এ প্রশিক্ষণে ‘জেনারেল ব্যাংকিং অপারেশন অ্যান্ড এনআই অ্যাক্ট’, ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশন ও রিস্ক ম্যানেজমেন্ট’ ও ‘অ্যাড্রেসিং চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং অপারেশন ফর অ্যাচিভিং সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সেশনগুলোয় রাজশাহী জোনের শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এইচআরটিডিসির প্রধান এসইভিপি মিসেস ফাহমিদা চৌধুরী, চিফ লিগ্যাল অফিসার (সিএলও) ও এসভিপি শেখ তারেক নেওয়াজ, এসএমই বিজনেস বিভাগের প্রধান ও ভিপি মো. রমজান আলী ভূঁইয়া, রাজশাহী জোনের প্রধান ও এসভিপি অসীম কুমার দাস।
প্রশিক্ষণে জেনারেল ব্যাংকিং অপারেশন কার্যক্রম, ঋণ আদায়সহ বিভিন্ন পরিপ্রেক্ষিতে আইনগত পদক্ষেপ, এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে ঋণ বিতরণ, তদারকি, আদায় প্রক্রিয়া, গ্রাহক মূল্যায়ন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল, ব্যাংকিং আইনকানুন ও নীতি-নৈতিকতার প্রয়োজনীয়তা ও চর্চাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মিসেস ফাহমিদা চৌধুরী বলেন, ‘ব্যাংক খাতে সুশাসন ও দক্ষতা বৃদ্ধি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়নে সহায়ক হবে।’
চিফ লিগ্যাল অফিসার শেখ তারেক নেওয়াজ বলেন, ‘ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা যাচাই, যথাযথ ডকুমেন্টেশন, মাঠপর্যায়ে নজরদারি জোরদারকরণ ও সম্ভাব্য ঝুঁকি আগেভাগে চিহ্নিত করতে নির্ধারিত ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করতে হবে। খেলাপি ঋণ কমাতে ঋণ আদায় বৃদ্ধির লক্ষ্যে আইনগুলো সম্পর্কে অবগত থাকা এবং যথাযথ প্রক্রিয়ার প্রয়োগ নিশ্চিত করতে হবে।’
এসএমই বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া বলেন, ‘সব মানুষের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রমের বিকল্প নেই। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ক্ষেত্রে গ্রাহক বাছাই, ঋণ প্রদান, তদারকি ও আদায় কার্যক্রম যথাযথভাবে করতে হবে।’


