পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ‘নগদ’ প্রশাসক
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রশাসক হিসেবে দায়িত্বপালনরত মো. মোতাছিম বিল্লাহ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নিয়মিত পদ নির্বাহী পরিচালক হয়েছেন।
গত বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ‘নগদ’ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, মো. মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘নগদ’-এর প্রশাসক পদে নিয়োগ পান। তিনি ১৯৯৯ সালে কেন্দ্রীয় ব্যাংকে সহকারি পরিচালক হিসেবে যোগ দেন। এখানে দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে পরিদর্শন বিভাগ, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মো. মোতাছিম বিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


