বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারেও।
চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এসব ক্রয়াদেশের বড় অংশই পেয়েছে প্রতিবেশী ভারত। ফলে দেশের রপ্তানি আয়ের প্রধান এই খাত দীর্ঘমেয়াদি সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্স
দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত তৈরি পোশাক খাতের জন্য এটি একটি বড় ধাক্কা, যার প্রভাব বর্তমান অস্থিরতার সময়কাল ছাড়িয়ে দীর্ঘমেয়াদেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিল্পনেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্পব্যয়ে উৎপাদনের সেই সুবিধাকে দুর্বল করে দিয়েছে, যার ওপর ভর করে দেশটি চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে উঠেছিল। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।
ক্রয়াদেশ সরে যাওয়ার এই ঘটনায় ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তবে সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য ডেলিভারি নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে শিল্পনেতারা জানিয়েছেন।
গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই চাপ আরো তীব্র হয়েছে। যদিও গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ বাঁধে।


