এমটিবির নিট ডিপোজিট প্রবৃদ্ধি ৭ হাজার কোটি টাকার বেশি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৭ হাজার কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে। গ্রাহকদের আস্থা, ব্যবসায়িক অগ্রগতি ও শাখাভিত্তিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ সাফল্য এসেছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) চৌধুরী আখতার আসিফ এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন একেএম তারেক। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ডিএমডি মো. বখতিয়ার হোসেন, মো. শামসুল ইসলাম, উসমান রাশেদ মুঈন ও মো. শাফকাত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ অর্জন প্রসঙ্গে এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘৭ হাজার কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধি ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং শাখা ও বিজনেস টিমের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।’ গ্রাহক, নিয়ন্ত্রণ সংস্থা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


