এমডি অব দ্য ইয়ার’ নির্বাচিত পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস) ২০২৬’ নির্বাচিত হয়েছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। রাজধানীর একটি হোটেলে সোমবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) তাকে এ সম্মাননা দেয়। বিবিএফের বার্ষিক লিডারশিপ সামিটের অংশ হিসেবে চতুর্থবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সম্মাননার মাধ্যমে দূরদর্শিতা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠান ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখা শীর্ষ নির্বাহীদের স্বীকৃতি দেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
আয়োজকদের মূল্যায়নে বলা হয়, ব্যাংক খাতের বর্তমান সংকটে স্থিতিশীলতা, সুশাসন ও আস্থা প্রতিষ্ঠায় মোহাম্মদ আলীর বিচক্ষণ নেতৃত্ব, নৈতিক দৃঢ়তা এবং আমানতকারী ও ঋণগ্রহীতাদের প্রতি অঙ্গীকার পূবালী ব্যাংকের অবস্থান সুসংহত রাখতে ভূমিকা রেখেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে পড়াশোনা শেষে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়নে ডিনস অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি নেন।
২০০৮ সালে পূবালী ব্যাংকে মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে নিজস্ব প্রযুক্তিতে কোর ব্যাংকিং সফটওয়্যার এবং বেসরকারি খাতের বৃহত্তম রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলায় নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে উপব্যবস্থাপনা পরিচালক এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক, ঋণ, ট্রেজারি, ভোক্তাঋণ ও কার্ড বিভাগের দায়িত্ব পালন করেন। প্রধান ঝুঁকি কর্মকর্তা এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ব্যাংকে কর্মদক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করেন।
সম্মাননা গ্রহণের পর মোহাম্মদ আলী বলেন, ‘এটি আমার একার অর্জন নয়, বরং এটি পূবালী ব্যাংক পরিবারের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পরিশ্রমের, পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনার এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ওপর রাখা গ্রাহকদের অটুট আস্থার স্বীকৃতি। ছয় দশকেরও বেশি সময় ধরে পূবালী ব্যাংক যে আস্থার উত্তরাধিকার বহন করে চলেছে, তা রক্ষা করা এবং আরো সমৃদ্ধ করাই আমাদের অঙ্গীকার। সুশাসন, স্বচ্ছতা ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সবার আগে রেখেই আমরা এগিয়ে যাব।’ তিনি এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৫৯ সালের ১৯ মে চট্টগ্রামের টেরিবাজারে বাঙালি উদ্যোক্তাদের উদ্যোগে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নামে পূবালী ব্যাংকের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর রাষ্ট্রীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানটির নাম হয় পূবালী ব্যাংক। ১৯৮৩ সালে বিরাষ্ট্রীয়করণের পর বেসরকারি ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে এটি দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।


