সীমান্ত ব্যাংকের বরিশাল শাখা ও এটিএম বুথ উদ্বোধন
সীমান্ত ব্যাংক পিএলসির বরিশাল শাখার ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। রোববার শহরের গোড়াচাঁদ দাস সড়কে নতুন শাখা ও ফজলুল হক এভিনিউয়ে একটি এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ব্যাংকের পরিচালক, পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম।
এছাড়া বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন শিকদার, বিভাগীয় কমিশনার (চলতি দায়িত্ব) মো. আহসান হাবিব, সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শাখা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন, ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স, কার্যকরী মূলধন, প্রকল্প ও মেয়াদি ঋণ, ট্রেড ফাইন্যান্স এবং বৈদেশিক মুদ্রা লেনদেনসহ বিভিন্ন সেবা পাবেন গ্রাহকরা। পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ব্যক্তিগত, গৃহ ও গাড়ি ঋণ, কৃষি ঋণ, নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ, স্টুডেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবাও দেয়া হবে।


