দেশের ওয়েলনেস খাতের উন্নয়নে জেনেসেন-রেজুভার অংশীদারত্ব
থাই বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ওয়েলনেস খাতের উন্নয়নে অংশীদারত্ব গড়ে তুলেছে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ ও বাংলাদেশের রেজুভা ওয়েলনেস। এ সহযোগিতার আওতায় স্বাস্থ্য শিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। রাজধানীর আদাবরে রেজুভা ওয়েলনেসের শাখায় গতকাল এক সংবাদ সম্মেলনে এ অংশীদারত্বের লক্ষ্য তুলে ধরা হয়। একই সঙ্গে জেনেসেন কর্নার উদ্বোধন করা হয়। জেনেসেন গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংককে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এ সহযোগিতা গড়ে উঠেছে। এর মাধ্যমে থাই বিশেষজ্ঞদের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় চাহিদা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় ও দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে গুরুত্ব দেয়া হবে।
অনুষ্ঠানে জেনেসেন গ্রুপের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. একেএম শাহরিয়ার ধাপে ধাপে সহযোগিতা এগিয়ে নেয়ার পরিকল্পনা তুলে ধরেন। রেজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার ও সমাজের জন্য সহজবোধ্য স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বিএ সাদিক স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার অভিন্ন মান উন্নয়নে এ অংশীদারত্বের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল বক্তা জেনেসেন গ্রুপের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা এবং ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।


