তেঁতুলিয়ায় যমুনা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়নে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাসব্যাপী ১০০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে যমুনা ব্যাংক পিএলসি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে গতকাল সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যমুনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও কর্মসূচির পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও কর্মসূচির উপপরিচালক মো. আইয়ুব আলী। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান মুহাম্মদ ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, ‘দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি অংশগ্রহণকারীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এসএমই বিভাগের বিপণন ইউনিটের প্রধান নসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. রাশেদ মামুন।


