জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ : কাজী ফার্মস
দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে কাজী ফার্মস লিমিটেড। খাদ্য, ওষুধ, হাঁস-মুরগির একদিন বয়সী বাচ্চা এবং অন্যান্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত কারখানা/শিল্প ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি স্বর্ণপদকে ভূষিত হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের হাতে এ পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে।
‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আয়োজনে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেয়া হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।


