ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে তামিম ইকবাল
ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা নিশ্চিত করতে ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
সম্প্রতি তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি। পরিদর্শনকালে বিসিবি প্রতিনিধিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম বলেন, ‘বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করাই আমাদের লক্ষ্য। বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা পরিচালিত হচ্ছে।’ ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, ‘যেখানেই খেলাধুলা, সেখানেই উপস্থিত রয়েছে ওয়ালটন।’ এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে আসছে বলেও জানান তিনি।


