মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন
৪০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ব্যাংক পিএলসি। সাত বছর মেয়াদি বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১ হাজার ২৬তম কমিশন সভায় মেঘনা ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি অরূপান্তরযোগ্য, আনসিকিউরড, সম্পূর্ণ অবসায়নযোগ্য, কুপনযুক্ত ও ফ্লোটিং রেটের সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে মেঘনা ব্যাংক। রেফারেন্স হারের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে বন্ডটির কুপন হার নির্ধারণ করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য নির্ধারন করা হয়েছে ৫ লাখ টাকা।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এবং বীমা কোম্পানির কাছে ইস্যু করা হবে। বিএসইসি জানিয়েছে, এ বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বাসেল-৩-এর আওতায় মেঘনা ব্যাংকের টিয়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে ব্যবহার করা হবে।


