শিরোনাম

South east bank ad

বিএমটি ও সেল থেরাপি সেন্টারের সফট লঞ্চ

 প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিএমটি ও সেল থেরাপি সেন্টারের সফট লঞ্চ

ক্যান্সার ও জটিল রক্তরোগ চিকিৎসায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে গতকাল অত্যাধুনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) ও সেল থেরাপি সেন্টারের সফট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে।

দেশের ক্যান্সার ও হেমাটোলজি চিকিৎসায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর মাসতুরা ফারজানা মোহনা, সিইও ডা. সম্বিত কুমার দাস, চিফ বিজনেস অফিসার (সিবিও) মাসুদ আহমেদ, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। উদ্বোধনী বক্তব্য দেন হাসপাতালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ। বক্তব্যে তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সুবিধার গুরুত্ব তুলে ধরেন এবং এ উদ্যোগকে দেশের ক্যান্সার ও জটিল রক্তরোগ চিকিৎসায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম। তিনি উপস্থিত অতিথি, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশের ক্যান্সার চিকিৎসায় উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ল্যাবএইডের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। এ অত্যাধুনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) ও সেল থেরাপি সেন্টার দেশের ক্যান্সার ও জটিল রক্তরোগ চিকিৎসায় একটি যুগান্তকারী সংযোজন। তিনি উল্লেখ করেন সর্বাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং দক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে গড়ে ওঠা এ কেন্দ্র চিকিৎসা খাতে এক অনন্য নজির স্থাপন করবে।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে প্রফেসর ডা. মো. সালাহউদ্দিন শাহ হাসপাতালের নবযাত্রা শুরু করা বিএমটি সেন্টারের আধুনিক সুবিধা, প্রযুক্তিগত সক্ষমতা এবং রোগীসেবার বিভিন্ন দিক তুলে ধরে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক মানের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সুবিধা দেশের ভেতরেই পৌঁছে দেয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ আরো সহজ, সাশ্রয়ী ও সহজলভ্য হবে।

অনুষ্ঠানে চেয়ারম্যান ডা. এএম শামীম তার বক্তব্যে হাসপাতালের সার্বিক অগ্রগতি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন (বিএমটি) সেন্টার নিয়ে তার দীর্ঘদিনের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেশের মধ্যেই নিশ্চিত করা ল্যাবএইডের অন্যতম অঙ্গীকার। উন্নত প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে এ বিএমটি সেন্টার দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন কনসালট্যান্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য দেন এবং এ উদ্যোগকে দেশের ক্যান্সার ও হেমাটোলজি চিকিৎসায় একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির হেমাটোলজি ডিপার্টমেন্টের চিকিৎসক প্রফেসর ডাক্তার আলমগীর কবির, প্রফেসর ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল ডা. মাসুমা আহমেদ সালসাবিল, ডা. মাফরুহা আক্তার। সবশেষে অনুষ্ঠানের ভোট অব থ্যাংকস ও সমাপনী বক্তব্য প্রদান করেন হাসপাতালের সিইও ডা. সম্বিত কুমার দাস। তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রোগীকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ল্যাবএইডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: