শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের নতুন নেতৃত্ব নির্বাচিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খন্দকার শাকিব আহমেদ।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন আহমেদ পুনর্নির্বাচিত এবং মো. জাফর ছাদেক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির ৯২তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক। তিনি ওউন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড, ওউন দ্য ওয়ার্ল্ড হজ অ্যান্ড ওমরাহ লিমিটেড ও ইনটেক লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক। খন্দকার শাকিব আহমেদ মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের একজন শেয়ারহোল্ডার এবং ইনোভিউ আইটির অংশীদার।
পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং করপোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। এছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যানও। মহিউদ্দিন আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের স্পন্সর শেয়ারহোল্ডার।
নবনির্বাচিত অপর ভাইস চেয়ারম্যান মো. জাফর ছাদেক শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)।


