উত্তরা ইউনিভার্সিটি-প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে আর্থিক সাক্ষরতাবিষয়ক সেমিনার
উত্তরা ইউনিভার্সিটি (ইউইউ) এবং প্রাইম ব্যাংক একাডেমিয়ার যৌথ উদ্যোগে আর্থিক সাক্ষরতাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার ‘ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্যারিয়ার লিটারেসি প্রোগ্রাম ২০২৬ (সিজন ১)’ শীর্ষক দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। স্কুল অব বিজনেসের উদ্যোগে এবং ইউইউ বিজনেস ক্লাবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এ আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউইউ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সচেতন করা, যাতে তারা প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা পেয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক চাকরির বাজারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউইউর স্কুল অব বিজনেসের ডিন ড. ইশরাত হোসেন। তিনি শিক্ষার্থীদের জন্য ফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসির গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে কী-নোট বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) এবং হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং এম নাজিম এ চৌধুরী। তিনি ক্যারিয়ার উন্নয়নের কৌশল, ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে ডাটা সায়েন্স, এআইভিত্তিক শিক্ষা ও যোগাযোগ দক্ষতা প্রসঙ্গে আলোচনা করেন। পাশাপাশি তরুণদের ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
অন্যদিকে ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন তার পেশাগত অভিজ্ঞতা থেকে বিশেষত নারীদের ক্ষেত্রে ক্যারিয়ার উন্নয়ন, ধৈর্য এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান আর্থিক অন্তর্ভুক্তি ও স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিকভাবে সচেতন একটি প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে একটি পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের ১০টির বেশি দল তাদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী ধারণা উপস্থাপন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউইউর রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। এ সময় ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক ড. সোয়েব মো. শোয়েব নোমানসহ অন্য জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।


