ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন
এ সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালীকরণ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনমূলক সেবার মানোন্নয়ন করা হবে। ফলে ব্যাংকটির গ্রাহকরা আরো সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা পাবেন। এ উপলক্ষে সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের নেতৃত্বে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সমাধান প্রবর্তনের কৌশল নির্ধারণ করেন।
ট্রাস্ট ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সহযোগিতার আওতায় উভয় প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য ও সেবা চালু, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম পরিচালনা এবং নিরাপদ, দ্রুত ও সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করবে। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো স্থান থেকে ও যেকোনো সময়ে সহজে ব্যাংকিং সেবা পেতে সক্ষম হবেন।
এ অংশীদারত্ব দেশের ডিজিটাল ব্যাংক খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে এবং প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূইয়া ও মো. কামাল হোসেন সরকার, এসইভিপি ও হেড অব বিজনেস মো. মাহবুব হোসেন এবং এসইভিপি ও হেড অব জিএসএসডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মামুন অর রশিদ। অন্যদিকে গ্রামীণফোনের পক্ষে ছিলেন চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাঈমুর রশীদ, ডিরেক্টর ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদ, জেনারেল ম্যানেজার ও হেড অব লার্জ অ্যাকাউন্ট-৪ মাহবুবুর রহমান।


