প্রগতি ইন্স্যুরেন্সের ৩০% লভ্যাংশ ঘোষণা
বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে ২৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ২৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক। আলোচ্য হিসাব বছরে প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫৮ পয়সায়।
১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৫৯ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৮৬। এর ৪১ দশমিক ৯৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৮৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।


