যুক্তরাষ্ট্র থেকে এল আরো ৬২ হাজার টন গম
যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তিতে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে ‘এমভি উবন নারী’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এটি জিটুজি চুক্তির দ্বিতীয় চালান। এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন গম দেশে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশে বছরে গমের চাহিদা কম-বেশি ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ টন। তাই চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।


