বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসিআই বেভারেজেস
সিঙ্গাপুরভিত্তিক এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি এবং এসিআই বেভারেজেসের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন বিএইচডির সহযোগিতায়।
এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে পরিচিত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি এবং এসিআই বেভারেজেসের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন বিএইচডির সহযোগিতায়।
সম্প্রতি রাজধানীর স্বপ্নের বনশ্রী ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনালের ডিরেক্টর প্রদীপ চৌহান এবং জেনারেল ম্যানেজার তান বুন হুয়া। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। বিশ্বের ৬০টিরও বেশি দেশে বাজারজাত হচ্ছে ম্যাককফি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ ব্র্যান্ডের পণ্যগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়াম মানের ইনস্ট্যান্ট কফি। সর্বোচ্চ মান বজায় রেখে ভোক্তাদের প্রিমিয়াম কফির অভিজ্ঞতা দেয়াকে ব্র্যান্ডটির অন্যতম অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছে।


