১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ছে জি৭
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে আগামী চার মাস জ্বালানি তেল বাজারে ছাড়া হবে।
বিশ্ববাজারে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি৭। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিজেল রফতানি বন্ধের হুমকির পর জোটটি কৌশলগত মজুদ থেকে বিশাল পরিমাণ জ্বালানি বাজারে সরবরাহের ঘোষণা দেয় গতকাল। খবর বিবিসি।
AKIJ Advertisement
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে আগামী চার মাস জ্বালানি তেল বাজারে ছাড়া হবে। বিশেষ করে প্রথম ২০ দিনের মধ্যেই ডিজেলের একটি বড় অংশ বাজারজাতের পরিকল্পনা করা হয়েছে। জি৭ জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্স। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) এতে প্রতিনিধিত্ব করে।
ডোনাল্ড ট্রাম্প এর আগে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ নিজেদের মজুদ থেকে তেল না ছাড়লে যুক্তরাষ্ট্র ডিজেল রফতানি বন্ধ করে দেবে। ট্রাম্পের হুমকির পর ইউরোপের দেশগুলো মজুদ ছাড়তে রাজি হয়।
প্রাকৃতিক দুর্যোগ ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং রাশিয়া ও চীনের সরবরাহ কমে যাওয়ায় বিশ্ববাজারে ডিজেলের সংকট আরো ঘনীভূত হয়েছে। রাশিয়ার ওপর আগেই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। এসব কারণে জ্বালানি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল।
পরিবহন খাত ও কৃষিকাজে ব্যাপকভাবে ডিজেল ব্যবহার করা হয়। ফলে ডিজেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও লাফিয়ে বাড়ে।
জি৭-ভুক্ত দেশগুলোর যৌথ ঘোষণায় বলা হয়, এ উদ্যোগ বাজারে তেলের প্রবাহ নিশ্চিত করবে। একই সঙ্গে রিফাইনারিগুলোর মেরামতকাজ সমন্বিতভাবে করা হবে, যেন একসঙ্গে একাধিক শোধনাগার বন্ধ না থাকে। এ পদক্ষেপের ফলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা জ্বালানির আকস্মিক মূল্যবৃদ্ধি থেকে রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।


