শিরোনাম

South east bank ad

পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্সের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন-সংক্রান্ত পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ দুটি স্কিমের আওতায় যোগ্য ব্যবসা ও প্রকল্পে অর্থায়নের সুযোগ তৈরি হবে। আইপিডিসির সংবাদ বিজ্ঞপিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্সের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় দুটি স্কিমের আওতায় অর্থায়নের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নূরুন্নবী। আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে উপস্থিত ছিলেন এমডি রিজওয়ান দাউদ সামস এবং ডিএমডি ও এসএমই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আশিক হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইপিডিসি ফাইন্যান্সের এমডি রিজওয়ান দাউদ সামস বলেন, ‘দায়িত্বশীল অর্থায়ন টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সবুজ অর্থনীতিতে রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা ব্যবসাগুলোর পাশে থাকতে চায় আইপিডিসি।’

আইপিডিসি জানায়, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পরিবেশবান্ধব কারখানা ও সবুজ শিল্প স্থাপনে বিভিন্ন যোগ্য প্রকল্পে অর্থায়নের সুযোগ রয়েছে। অন্যদিকে আইসিটি খাতের উন্নয়নে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সফটওয়্যার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, ডেটা অ্যানালিটিকস, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস, ই-কমার্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবসা ও উদীয়মান প্রযুক্তি খাতে অর্থায়নের সুযোগ থাকবে।

নির্দিষ্ট যোগ্য আইসিটি পণ্য ও সেবার পাশাপাশি এ স্কিমে আইসিটি খাতের নারী উদ্যোক্তারাও অগ্রাধিকার পাবেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: