শিরোনাম

South east bank ad

ব্যাংক, সাধারণ বীমা ও সিমেন্ট খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্যাংক, সাধারণ বীমা ও সিমেন্ট খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

গত সপ্তাহে এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে দশমিক ৩১ শতাংশ বেড়েছে।

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের প্রধান পুঁজিবাজা‌র ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এ সময় সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে ব্যাংক, সাধারণ বীমা ও সিমেন্ট খাতে। গত সপ্তাহে এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে দশমিক ৩১ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। তবে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তা‌হে সূচক আগের সপ্তাহের চেয়ে কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৫১৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৯৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১০৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, চলমান জ্বালানি সংকট, কোম্পানিগুলোর আয় নিয়ে অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে সপ্তাহের প্রথমার্ধে নিম্নমুখী ছিল দেশের পুঁজিবাজার। শিল্প উৎপাদন ও করপোরেট মুনাফায় গ্যাস-বিদ্যুৎ সংকটের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের কারণে বাজারে ক্রয়চাপের তুলনায় বিক্রয়চাপ ছিল বেশি। তাই সপ্তাহের শুরুতে বাজারে ছিল মন্দা ভাব। তবে পরবর্তী সময়ে বিক্রয়চাপ কমায় ডিএসইতে আবারো বাড়তে থাকে সূচক। এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচক আগের সপ্তাহের চেয়ে কিছুটা বৃদ্ধি পায়।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ২১৩টির ও অপরিবর্তিত ছিল ২৬টির। আর লেনদেন হয়নি ২৫টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক ও লাফার্জহোলসিমের শেয়ার।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৫ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৫ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক ১ শতাংশ। ওষুধ ও রসায়ন খাত ১০ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড খাতের দখলে ছিল মোট লেনদেনের ৬ দশমিক ৯ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি ১ দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সিমেন্ট খাতে। এছাড়া সাধারণ বীমা খাতে ১ দশমিক ৫ শতাংশ, ব্যাংক খাতে ১ দশমিক ১ শতাংশ, কাগজ খা‌তে দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে ১ দশমিক ৩ শতাংশ, বিবিধ খাত ও মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ২ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ১ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে দশমিক ৯ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ৭ শতাংশ।

সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১ শতাংশ কমে ১৪ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৮৬৭ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে দশমিক ৫৭ শতাংশ কমে ৯ হাজার ২২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ৭৩ পয়েন্ট।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: