ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে মুসলিম চৌধুরীর যোগদান
ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অর্থ ও নিরীক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মুসলিম চৌধুরী। সরকারি অর্থায়ন, নিরীক্ষা, ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনায় তার রয়েছে কয়েক দশকের অভিজ্ঞতা। পর্ষদে এ বিশেষজ্ঞের অন্তর্ভুক্তিকে ব্যাংকটির সুশাসন ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
কর্মজীবনে মোহাম্মদ মুসলিম চৌধুরী অর্থ সচিব, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) পরামর্শক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি ইনাফি বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং আকিজ ইনসাফ গ্রুপের আর্থিক উপদেষ্টা।
ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘অর্থ সচিব ও সিএজির মতো সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মুসলিম চৌধুরী। নীতি প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণে তার এ অভিজ্ঞতা ব্র্যাক ব্যাংকের সুশাসন ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সরকারি আর্থিক খাতের সংস্কার ও আধুনিকায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে জনপ্রশাসন পদক পান মুসলিম চৌধুরী। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে ডিস্টিংশনসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ও স্নাতকোত্তর এবং লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি থেকে পাবলিক সেক্টর অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে ডিপ্লোমা সম্পন্ন করেন। সরকারি নিরীক্ষা, আর্থিক প্রতিবেদন ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা নিয়ে তার একাধিক গবেষণা এবং প্রকাশনা রয়েছে।


