শিরোনাম

South east bank ad

‘বেস্ট কনজিউমার ডিজিটাল ব্যাংক ২০২৬’ স্বীকৃতি পেল এমটিবি

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

‘বেস্ট কনজিউমার ডিজিটাল ব্যাংক ২০২৬’ স্বীকৃতি পেল এমটিবি

আন্তর্জাতিক আর্থিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্সের ‘ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ডিজিটাল ব্যাংক অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট কনজিউমার ডিজিটাল ব্যাংক ২০২৬’ স্বীকৃতি পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজয়ীদের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ব্যাংকিং সেবা, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী সমাধানের মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দিয়েছে গ্লোবাল ফাইন্যান্স। ব্যাংকটির ডিজিটাল সেবা পরিসরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তি, ভয়েস ব্যাংকিং, ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা ও স্বয়ংক্রিয় গ্রাহকসেবা।

এমটিবির ডিজিটাল ব্যাংকিং সেবার অন্যতম মাধ্যম ‘এমটিবি নিও’ অ্যাপ। এর মাধ্যমে গ্রাহকরা নতুন ব্যাংক হিসাব খোলা, স্থায়ী আমানত (এফডিআর), মাসিক সঞ্চয় প্রকল্প (ডিপিএস), ঋণের আবেদনসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিভিন্ন ব্যাংকিং লেনদেন করতে পারছেন। অ্যাপটিতে যুক্ত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় কণ্ঠস্বর ব্যবহার করে লেনদেন সম্পন্ন করার সুবিধা।

এছাড়া অ্যাপটিতে যুক্ত এআই-চালিত পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সলিউশনের মাধ্যমে এমটিবি ও অন্যান্য ব্যাংকের ব্যবহারকারী নিজেদের সম্পদ ও দায়ের হিসাব রাখা, আয়-ব্যয়ের তথ্য পর্যবেক্ষণ এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে পারেন।

গ্রাহকসেবায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এআই-চালিত কল সেন্টার এজেন্ট চালু করেছে এমটিবি। এর মাধ্যমে কার্ড সক্রিয়করণ ও ব্যাংক স্টেটমেন্ট-সংক্রান্ত প্রশ্নের উত্তর স্বয়ংক্রিয়ভাবে দেয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ব্যাংকটি চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হিউম্যানয়েড ব্যাংকিং অ্যাভাটার ‘মিতা’। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি কথোপকথনের ভিত্তিতে ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে তথ্য ও নির্দেশনা পেতে পারেন। বর্তমানে এমটিবি নিও অ্যাপ ও ব্যাংকের ওয়েবসাইটে সেবাটি পাওয়া যাচ্ছে।

ব্যক্তিগত গ্রাহকদের পাশাপাশি ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্যও ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে ব্যাংকটি। ব্যবসায়িক গ্রাহকদের জন্য রয়েছে ডিজিটাল ট্রেড সলিউশন ‘ট্রেড এক্স’। প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্যও ই-ব্যাংকিং সেবা পুনর্গঠন করেছে এমটিবি। এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর গ্রাহকের ব্যাংকিং কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: