ব্র্যাক ব্যাংকের অর্থায়নকৃত সবুজ কারখানা পরিদর্শনে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা
ব্র্যাক ব্যাংক পিএলসির অর্থায়নকৃত এনজেড ডেনিম লিমিটেড পরিদর্শন করেছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এ সময় কারখানাটির সৌরবিদ্যুৎ ব্যবস্থা, জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি ও বর্জ্য পরিশোধনাগারে (ইটিপি) বিনিয়োগের মাধ্যমে কীভাবে টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে উঠছে, তা তুলে ধরা হয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (এএফআই) আয়োজনে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়। সাউথ এশিয়া রিজিয়ন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনিশিয়েটিভের (সারফি) আওতায়, এ কর্মসূচিতে শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি এএফআই, বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিনিধিরা অংশ নেন। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
পরিদর্শন প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘গ্রিন ফাইন্যান্সবিষয়ক নীতিমালা কীভাবে বাস্তব বিনিয়োগে রূপ নেয়, এ পরিদর্শনে অংশগ্রহণকারীরা তা সরাসরি দেখার সুযোগ পেয়েছেন।’ এ ধরনের বিনিয়োগ বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এনজেড ডেনিমের পক্ষে এনজেড টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সালেউদ্ জামান খান (জিতু) বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গ্রিন রিফাইন্যান্সিং সুবিধা পেতে ব্র্যাক ব্যাংকের সহযোগিতা নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। এসব বিনিয়োগ পরিচালন দক্ষতা ও ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়তা করছে।’
অন্যদিকে স্টেট ব্যাংক অব পাকিস্তানের পরাস আব্বাসির মতে, এ ধরনের পরিদর্শন পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় আঞ্চলিক অগ্রগতি সম্পর্কে জানার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
এএফআইয়ের এশিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নাংসি ডেমা বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণে সহায়তা করতে পারে।’
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তিতে গ্রাহকদের বিনিয়োগে সহায়তা করা দক্ষ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ।’


