বিকাশ অ্যাপে ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা চালু
বিকাশ অ্যাপে চালু হয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসির মাসিক সঞ্চয় প্রকল্প (ডিপিএস) সেবা। পর্যায়ক্রমে ব্যাংকটির এফডিআর, জামানতবিহীন ঋণ, পে-লেটারসহ অন্য সেবাও যুক্ত হবে। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকিং সেবা সহজলভ্য করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে এ যৌথ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর একটি হোটেলে গতকাল ‘এক্সপান্ডিং অ্যাকসেস, এমপাওয়ারিং পসিবিলিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে এ সেবা চালুর ঘোষণা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও আরিফ হোসেন খান। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর উপস্থিত ছিলেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ বলেন, ‘প্রযুক্তি আর্থিক লেনদেনের ধরন বদলে দিয়েছে। তারপরও ক্ষুদ্র ব্যবসায়ী ও সীমিত আয়ের মানুষের জন্য প্রয়োজনের সময় সহজ শর্তে অর্থায়ন পাওয়া কঠিন। দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে আরো বেশি মানুষের কাছে প্রয়োজনীয় আর্থিক সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘বিকাশের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের এ অংশীদারত্ব দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরো জোরদার করবে।’ আরেক নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের ভাষ্য, ‘মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী বলেন, ‘ট্রাস্ট ব্যাংকের ব্যাংকিং অভিজ্ঞতা এবং বিকাশের দেশব্যাপী ডিজিটাল প্লাটফর্ম ও এজেন্ট নেটওয়ার্ককে কাজে লাগিয়ে প্রান্তিক মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া হবে।’
অন্যদিকে বিকাশের প্রতিষ্ঠাতা কামাল কাদীর বলেন, ‘প্রযুক্তি আর্থিক সেবাপ্রাপ্তির বাধা দূর করে সমাজের সব শ্রেণীর মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করছে।’
বিকাশ জানিয়েছে, এখন থেকে বিকাশ অ্যাপে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অংক ও মেয়াদে ট্রাস্ট ব্যাংকের ডিপিএস খোলা যাচ্ছে। শিগগিরই চালু হবে এফডিআর। এছাড়া বিকাশ এজেন্টরা নিজস্ব অ্যাপ থেকে জামানতবিহীন ঋণ নিতে ও পরিশোধ করতে পারবেন। নির্বাচিত গ্রাহকদের জন্যও থাকবে জামানতবিহীন ঋণ। পে-লেটার সেবায় নির্ধারিত ঋণসীমার মধ্যে কেনাকাটা ও মোবাইল রিচার্জের অর্থ সাতদিনের মধ্যে সুদ ছাড়া অথবা মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে। দুই প্রতিষ্ঠান প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতেও কাজ করবে।
উল্লেখ্য, বর্তমানে বিকাশের ৮ কোটি ৫০ লাখ গ্রাহক অ্যাপের মাধ্যমে ট্রাস্ট ব্যাংকসহ পাঁচটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণসেবা গ্রহণ করতে পারছেন। ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএসের মাধ্যমে বিকাশের ডিজিটাল সঞ্চয় সেবা চালু হয়। পরে এতে যুক্ত হয় ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।


