মূলধন ও পরিচালকের সংখ্যা বাড়াবে সিটি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন ও পরিচালকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এজন্য সংঘস্মারক ও সংঘবিধিতে পরিবর্তন আনবে ব্যাংকটি। এসব বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে সিটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, সিটি ব্যাংক তাদের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকায় উন্নীত করবে। একই সঙ্গে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক বাদে পরিচালকের সর্বোচ্চ সংখ্যা আট থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবও অনুমোদন করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এজন্য সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় পরিবর্তন আনবে সিটি ব্যাংক। ১৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৭০৬তম সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
প্রস্তাবগুলো কার্যকরে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর বেলা ৩টায় ডিজিটাল মাধ্যমে ইজিএম আয়োজন করবে সিটি ব্যাংক। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর। শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রযোজ্য সব আইন, বিধি ও প্রবিধান পালন করবে ব্যাংকটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৬৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৭ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে সিটি ব্যাংকের ইপিএস হয়েছে ৭ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩৯ পয়সায়।
১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের বর্তমানে অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৭৪৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ২৭৮ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭৪ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৩৮০। এর ৩০ দশমিক ৩৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৪৫, বিদেশী বিনিয়োগকারী ৯ দশমিক ৯৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে।


