রিজার্ভ বাড়াতে এনআরসি অ্যাকাউন্ট ও বন্ডের মেয়াদ বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ এবং প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত 'বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল' শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ তিনি এ কথা বলেন।
সম্মেলনে গভর্নর জানান, ইতিমধ্যে এনআরসি অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় অ্যাকাউন্টটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে মো. মোস্তাকুর রহমান বলেন, 'একই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত চার-পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে চায়।'
তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার বছরে এনআরসি খাতে যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি না করে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
এ ছাড়া প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর। তিনি বলেন, 'প্রায় পাঁচ বছর আগে কোনো এক কারণে এই তিন ধরনের বন্ডের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছরে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন সেগুলোর মেয়াদ ও বিনিয়োগের সুযোগ আরও উন্মুক্ত করার বিষয়ে কাজ চলছে।'
গভর্নর জানান, বর্তমানে এই তিন ধরনের বন্ডে মোট ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। বন্ডগুলোর বিধিনিষেধ শিথিল করা সম্ভব হলে আরও বৈদেশিক মুদ্রা দেশে আসবে বলে আশা করা হচ্ছে। এটি দেশের রিজার্ভ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
বেসরকারি ব্যাংকগুলোর মোট ঋণের ৭০ থেকে ৮০ শতাংশই বর্তমানে কর্পোরেট খাতে যাচ্ছে। এ অবস্থায় কর্পোরেট ঋণের ওপর ব্যাংকগুলোর অতি-নির্ভরতা কমিয়ে ক্ষুদ্র ব্যবসা ও রিটেইল (খুচরা) ঋণগ্রহীতাদের দিকে ঋণপ্রবাহ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, আগামী বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক এমন একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে, যেখানে ব্যাংকগুলোকে তাদের মোট ঋণের অন্তত ২০ শতাংশ রিটেইল গ্রাহকদের এবং ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বরাদ্দ রাখতে বলা হবে। এর মাধ্যমে কর্পোরেট ঋণ ৪৫ শতাংশে নামিয়ে আনা হবে। তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেবল বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করার জন্য লাইসেন্স দেওয়া হয়নি।
গভর্নর বলেন, 'আমাদের কর্পোরেট ঋণ ৪৫ শতাংশে নামিয়ে আনতে হবে। বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের চাহিদা পুঁজিবাজারের মাধ্যমে মেটানো উচিত।' এ বিষয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
মো. মোস্তাকুর রহমান বলেন, ব্যাংক ঋণের আরও ভারসাম্যপূর্ণ বণ্টন অর্থনীতিতে ক্রয়ক্ষমতা তৈরিতে সহায়তা করতে পারে এবং একই সঙ্গে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও বিকল্প অর্থায়নের উৎসের মাধ্যমে তাদের কার্যক্রম সচল রাখতে সক্ষম করবে।
তিনি আরও জানান, দীর্ঘ মেয়াদী সুযোগ করে দিতে তিন ধরনের বন্ডের ১৫ বছরের মেয়াদের সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার বিষয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। তার তথ্য অনুযায়ী, বর্তমানে এই তিন শ্রেণির বন্ডে পুঞ্জীভূত অর্থের পরিমাণ মাত্র ৬০৬ মিলিয়ন ডলার। মেয়াদের এই বিধিনিষেধ তুলে নিলে তা আরও বেশি বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করতে এবং দেশের রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করবে।
এদিকে, অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন বলেন, ব্যাংকিং খাতের সংস্কার এবং সুশাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা ধীরে ধীরে আর্থিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্গঠন করছে।
তিনি জানান, ব্যাংকগুলোর হাতে বর্তমানে প্রায় ৪ লাখ ৮২ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উৎপাদনশীল খাতে প্রবাহিত করা প্রয়োজন।
মাসরুর আরেফিন জোর দিয়ে বলেন, ব্যাংকগুলোর উচিত ঋণের পরিমাণ বাড়ানোর চেয়ে ঋণের মানোন্নয়নে বেশি মনোযোগ দেওয়া; বিশেষ করে এসএমই, ক্ষুদ্র উদ্যোক্তা, রিটেইল ব্যবসা এবং ভোক্তাদের ক্ষেত্রে। এ ছাড়া প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা আনুমানিক ১ লাখ ৮৭ হাজার কোটি টাকাকে মূলধারার অর্থনীতিতে নিয়ে আসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি কিউআর কোড-ভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।
সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বরের মধ্যে রেমিট্যান্স প্রবাহ ১৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রায় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রপ্তানি আয়েও ৬ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ করে সিটি ব্যাংকের সিইও বলেন, তবে খাতটি এখনো তৈরি পোশাকের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা মোট রপ্তানির প্রায় ৮০ দশমিক ৭ শতাংশ।
খেলাপি ঋণের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলা করতে এবং ব্যাংকগুলোর ব্যালেন্স শিট পরিচ্ছন্ন করতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের আহ্বান জানান মাসরুর আরেফিন।
অন্যদিকে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের অর্থনীতির প্রতি আস্থা পুনরুদ্ধারে ১৯৮৬ সালে নেওয়া উদ্যোগের আদলে একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম।


