ব্যাংকাস্যুরেন্সে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দেশে ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরো কার্যকর ও গ্রাহকবান্ধব করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে সমন্বয় জোরদার, নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচালন ও বিক্রয় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে শুক্রবার প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ এবং সম্মানিত অতিথি ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) প্রোগ্রাম এবং ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের সভাপতি মো. রাশেদ আকতার, এমপিবি প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ এবং ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (আরিয়ান)। অতিথিরা বক্তব্যে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, বীমা সেবার পরিধি সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য সহজ, উপযোগী ও নির্ভরযোগ্য বীমা পণ্য নিশ্চিত করতে ব্যাংকাস্যুরেন্সের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় আটটি বিশেষায়িত সেশনে ব্যাংকাস্যুরেন্সের বর্তমান অবস্থা, বাংলাদেশ ব্যাংক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়ন্ত্রক কাঠামো, অংশীদারত্বের মডেল, পণ্য উন্নয়ন, প্রযুক্তিগত সমন্বয়, কেওয়াইসি ও মানি লন্ডারিং প্রতিরোধ, দাবি নিষ্পত্তি, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক সুরক্ষা এবং বিক্রয় সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, মোহাম্মদ আশফাকুর রহমান, এসএম ইব্রাহিম হোসাইন, শুভাশীষ বড়ুয়া, মোহাম্মদ মাহবুব হোসাইন, ড. হাসিনা শেখ, মো. রাশেদ আকতার এবং সুবীর কুমার কুন্ডু।


