সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।
এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি যুক্ত থেকে নতুন আউটলেটগুলো একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধান এবং এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরাও সংযুক্ত ছিলেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ থেকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও দেয়া হবে। এছাড়া গ্রাহকরা ‘স্বাগতম’-এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা; নগদ অর্থ জমা ও উত্তোলন; অর্থ স্থানান্তর; বিইএফটিএন ও আরটিজিএসের মাধ্যমে যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর; বৈদেশিক রেমিট্যান্স সেবা; ডেবিট ও ক্রেডিট কার্ড; চেক বই প্রসেসিং, বিও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা; ইউটিলিটি বিল; সরকারি ভাতা; ভোক্তা ঋণ; ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করা যাবে।


