শিরোনাম

South east bank ad

লাফার্জহোলসিমের ছাতক প্লান্ট পরিদর্শনে স্পেনের রাষ্ট্রদূত

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

লাফার্জহোলসিমের ছাতক প্লান্ট পরিদর্শনে স্পেনের রাষ্ট্রদূত
 

পরিদর্শনকালে রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া ও ক্লিংকার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা সম্প্রতি সুনামগঞ্জের ছাতকে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্লান্ট পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, ক্লিংকার উৎপাদন, টেকসই শিল্পচর্চা ও সামাজিক উদ্যোগ সম্পর্কে অবগত হন।

ছাতক প্লান্টে রাষ্ট্রদূতকে স্বাগত জানান লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী। পরিদর্শনকালে রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া ও ক্লিংকার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান অবকাঠামোগত চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির বিভিন্ন ভবিষ্যৎ কৌশলগত প্রকল্প নিয়েও আলোচনা করেন।

উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে রাষ্ট্রদূত উদ্ভাবন ও টেকসই শিল্পচর্চায় লাফার্জহোলসিম বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। নিরাপদভাবে বর্জ্য কো-প্রসেসিংয়ের মাধ্যমে সার্কুলার ইকোনমি গড়ে তুলতে প্রতিষ্ঠানটির বিশেষায়িত বর্জ্য ব্যবস্থাপনা শাখা ‘জিওসাইকেল’-এর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় ভারত ও বাংলাদেশকে সংযুক্তকারী ১৭ কিলোমিটার দীর্ঘ ক্রস-বর্ডার কনভেয়ার বেল্ট নিয়েও আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। এ কনভেয়ার বেল্টের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব উপায়ে কাঁচামাল সরবরাহ করা হয়। শিল্প কার্যক্রমের পাশাপাশি ছাতকের মতো প্রত্যন্ত অঞ্চলে লাফার্জহোলসিম বাংলাদেশের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমেরও প্রশংসা করেন গ্যাব্রিয়েল সিসতিয়াগা। স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিচালিত বিনামূল্যের স্বাস্থ্য ক্লিনিক, প্রাথমিক শিক্ষা ও নারীদের জন্য বিশেষায়িত দক্ষতা উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব উদ্যোগ এ অঞ্চলের আর্থসামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

পরিদর্শন প্রসঙ্গে লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও ইকবাল চৌধুরী বলেন, ‘আমাদের ছাতক প্লান্টে স্পেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত। আমাদের টেকসই উৎপাদন ব্যবস্থা, সার্কুলার ইকোনমি উদ্যোগ ও সমাজসেবামূলক প্রচেষ্টার প্রতি তার অনুপ্রেরণা আমাদের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে। আমরা উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ব পালনে শিল্প খাতে নতুন মানদণ্ড নির্ধারণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: