এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী
এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি তার নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে জানানো হয়।
দেশী-বিদেশী ব্যাংক খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর। কৌশলগত নেতৃত্ব, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক রূপান্তরে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে আমানতকারীদের আস্থা পুনর্গঠন, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্যনিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে কাজ করেন।
এর আগে ২০২০ সালে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন তিনি।
আন্তর্জাতিক ব্যাংকিংয়েও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ১৫ বছরের বেশি সময় দেশের বাইরে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে কাজ করেন তিনি। এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের কৌশলগত কার্যক্রমও তদারক করেছেন।
আরিফ বিল্লাহ আদিল চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।


